ফরিদপুরে পুরস্কার বাণিজ্য: ভুয়া সাংবাদিককে সম্মাননা, জড়িতদের গ্রেপ্তারের দাবি
- আপডেট সময় : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 433
জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের সম্মাননা পুরস্কার পাওয়া এক ‘ভুয়া’ ও বিতর্কিত সাংবাদিকের বিচার এবং তার সম্মাননা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কেন এই মানববন্ধন
বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় হামলাকারী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ ও অপর এক ব্যক্তি ইমরান হোসেন মিথ্যা ও ভুয়া পরিচয় ব্যবহার করে ‘সাহসী আহত সাংবাদিক সম্মাননা’ পুরস্কার পেয়েছেন। তাদের এমন সম্মাননা প্রদান প্রকৃত সাংবাদিকদের জন্য অপমানজনক বলে বক্তারা উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেখ ফয়েজ আহমেদ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সুবিধা নিয়েছেন এবং ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে ফেসবুকে একের পর এক পোস্ট করেছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এবং একজন চিহ্নিত প্রতারক।
বক্তারা প্রশ্ন তোলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করেছেন, তাদের বাদ দিয়ে কেন একজন বিতর্কিত ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হলো? তারা অবিলম্বে উক্ত পুরস্কার প্রত্যাহার এবং গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য শেখ ফয়েজ আহমেদের গ্রেপ্তারের দাবি জানান।
উপস্থিত ছিলেন যারা
ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনে অংশ নেন। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সদস্য মফিজ ইমাম মিলন, পান্না বালা, হারুন আনসারী প্রমুখ।
এছাড়াও মধুখালী ও সালথা প্রেসক্লাব এবং জুলাই আন্দোলনের যোদ্ধা আবরার নাদিম ইতু মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।











