ফরিদপুরে নৃশংসভাবে খুন হলেন গৃহবধূ মর্জিনা
- আপডেট সময় : ১১:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 461
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে। নিহত মর্জিনা তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন।
যেভাবে ঘটে হত্যাকাণ্ড
মঙ্গলবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ওই সময় মর্জিনা ও তার স্বামী বক্কারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে মর্জিনা ঘরের দরজা আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বক্কার ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর বটির আছাড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইনি পদক্ষেপ
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘাতক স্বামী বক্কার শেখকে আটক করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে বক্কার শেখ তার স্ত্রী মর্জিনাকে হত্যা করেছেন। তাকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

















