ফরিদপুর-কুমিল্লা বিভাগ আসছে: চূড়ান্ত হচ্ছে আরও দুই উপজেলা
- আপডেট সময় : ১০:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 2357
সরকার ফরিদপুর ও কুমিল্লা নামে আরও দুটি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে দ্রুত এগোচ্ছে। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসতে পারে বলে সচিবালয় সূত্র জানিয়েছে।
অক্টোবরে নিকার বৈঠক, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
ফরিদপুর ও কুমিল্লার সম্ভাব্য রূপরেখা
জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন দুটি বিভাগের জন্য জেলার তালিকা চূড়ান্ত করেছে:
ফরিদপুর বিভাগ: এই বিভাগের অধীনে থাকছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর—মোট ৫টি জেলা।
কুমিল্লা বিভাগ: এই বিভাগের অধীনে থাকছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী—মোট ৬টি জেলা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর নিকার বৈঠকে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলাগুলো নিয়ে ‘পদ্মা বিভাগ’ এবং কুমিল্লা অঞ্চলের জেলাগুলো নিয়ে ‘মেঘনা বিভাগ’ প্রতিষ্ঠার প্রস্তাব উঠলেও অর্থনৈতিক সংকটের আশঙ্কায় তা স্থগিত করা হয়েছিল। বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ চালু আছে।
যোগ হচ্ছে দুটি নতুন উপজেলা
বিভাগ গঠনের পাশাপাশি আরও দুটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার:
১. বাঙ্গরা উপজেলা: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ গঠনের খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট ২২টি ইউনিয়ন রয়েছে। ২. ফটিকছড়ি উত্তর উপজেলা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে একটি নতুন উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন বিভাগ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে প্রশাসনিক ও জনমহলে আলোচনা-সমালোচনা চলছে।


























