ফরিদপুরে হাতুড়ি পিটিয়ে নববধূ হত্যা: স্বামী পলাতক, মাঠে সিআইডি
- আপডেট সময় : ১২:৫১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 488
ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক নববধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নাদেরা বেগম (২৩)। অভিযুক্ত স্বামী রাজু মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
শনিবার সন্ধ্যার পর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে পুলিশ নাদেরা বেগমের মরদেহ উদ্ধার করে।
বিয়ের ২ সপ্তাহ পরই নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে রাজু মাতুব্বর (৪২) নাদেরা বেগমকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। জানা গেছে, রাজুর এর আগেও একাধিক বিবাহ ছিল। নাদেরাকে বাড়িতে আনার পর থেকেই রাজু তার উপর নিয়মিত নির্যাতন করতেন।
ঘটনার বিবরণ: শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারপিট করেন। পল্লী চিকিৎসক দেখানোর পর নাদেরা বাড়িতে ফিরে আসেন। অভিযোগ উঠেছে, পরে রাতে রাজু আবারও নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়।
লাশ উদ্ধার: রাজুর ঘরের মধ্যে নাদেরার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘাতক পলাতক ও পরিচয় সংকটে পুলিশ
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“রাজু মাতুব্বর ১৪-১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রেখেছিল। শনিবার রাতে নাদেরাকে মেরে সে পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওসি আরও জানান, মামলার তদন্তে একটি বড় চ্যালেঞ্জ হলো নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। সেজন্য নিহতের পূর্ণ পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে (PBI) অবগত করা হয়েছে।











