ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 520
বরিশাল নগরীতে এক মাদ্রাসা ছাত্রকে টানা তিন বছর ধরে বলাৎকারের অভিযোগে একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ রেজাউল করীম।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার (৭ ডিসেম্বর) রাতে আমানতগঞ্জের সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে স্থানীয় জনতা ও শিশুর স্বজনরা অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে ধরে গণধোলাই দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তারকৃত হাফেজ রেজাউল করীম নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা।
১০ বছর বয়স থেকে বলাৎকার, হাতেনাতে ধরা পড়লেন শিক্ষক
বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম কেলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বলাৎকারের ঘটনায় ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় হাফেজ রেজাউল করীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, বর্তমানে ১৩ বছর বয়সি ওই শিশুটিকে অভিযুক্ত শিক্ষক তার ১০ বছর বয়স থেকে টানা তিন বছর ধরে বিভিন্ন সময়ে বলাৎকার করে আসছিলেন।
সবশেষ গত রোববার বিকেলে আমানতগঞ্জের সংশ্লিষ্ট মাদ্রাসার ছাদে নিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন ওই শিক্ষক। এসময় শিশুর পরিবার তাকে হাতেনাতে ধরে ফেলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়।
খবর পেয়ে রোববার গভীর রাতে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।



















