মনোনয়নের ৪ ঘণ্টার মধ্যেই বহিষ্কার!
- আপডেট সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 935
কেন্দ্রীয়ভাবে একটি আসন থেকে মনোনয়ন পাওয়ার পরেও অন্য আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের ঘোষিত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা থেকেও তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
জানা গেছে, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল পটুয়াখালী-১ আসন থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবে এসে নিজেকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
তার এই ঘোষণার মাত্র চার ঘণ্টার মধ্যে কঠোর সিদ্ধান্ত নেয় দল।
আমিরের নির্দেশে জরুরি বৈঠক, নতুন প্রার্থীর নাম ঘোষণা
সোমবার রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুহতারাম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং ৮ ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এই বৈঠকেই মুফতি হাবিবুর রহমানের শূন্যস্থানে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান দলের আমিরের এই সিদ্ধান্তকে ‘সঠিক’ বলে অভিহিত করেছেন।
মুফতি হাবিবুর রহমানের আসন পরিবর্তন করে প্রার্থী হওয়ার ঘোষণাটি স্থানীয় কলাপাড়া উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল।




















