মার্কিন ‘কসাইখানায়’ বন্দি মাদুরো: মাদক সম্রাট তকমায় শুরু বিচার
- আপডেট সময় : ১২:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / 240
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভোরে একটি সামরিক ঘাঁটি থেকে তাকে সরাসরি নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে এই হাই-প্রোফাইল কারাগারে পাঠানো হয়েছে।
ভয়ঙ্কর সেই কারাগার:
ব্রুকলিনের এই ‘এমডিসি’ কারাগারটি বন্দিদের কাছে এক জীবন্ত নরক হিসেবে পরিচিত। নোংরা পরিবেশ, চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অমানবিক অবহেলার বহু অভিযোগ রয়েছে এই ডিটেনশন সেন্টারের বিরুদ্ধে। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং পি ডিডির মতো বিতর্কিত ও হাই-প্রোফাইল বন্দিদের এখানে রাখা হয়েছিল। এমনকি এক বন্দিকে ছুরিকাঘাতের পর চিকিৎসা না দিয়ে ২৫ দিন নির্জন সেলে আটকে রাখার মতো নৃশংস রেকর্ডও রয়েছে এই কারাগারের।
অভিযোগ ও বিচার প্রক্রিয়া:
মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানের গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যদিও তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালত সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র মামলার শুনানির আগ পর্যন্ত তাকে এই কারাগারেই কাটাতে হবে।
স্ত্রীকে কোথায় রাখা হয়েছে?
নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একত্রে নিউইয়র্কের আদালতে হাজির করার কথা থাকলেও, তার স্ত্রীর বর্তমান অবস্থান নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত ‘এমডিসি’-তে মাদুরোকে রাখা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে তোলপাড় চলছে।


























