ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ২ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 566
ফরিদপুরের মধুখালী উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গাংনীপাড়া ও পৌরসভার মেছড়দিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের বিস্তারিত:
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় মথুরাপুর গাংনীপাড়া এলাকায়। সেখানে সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেনের নেতৃত্বে মৃত লোকমান মিয়ার ছেলে মো. হাবিব মিয়াকে (২৫) ১১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এই ঘটনায় ৪ মার্চ মধুখালী থানায় একটি মামলা (মামলা নং-৩) দায়ের করা হয়েছে।
একই রাতে দ্বিতীয় অভিযানটি চালানো হয় মেছড়দিয়া উত্তরপাড়া এলাকায়। সাব-ইন্সপেক্টর মো. মাসুদ ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনের অভিযানে মাকড়াইল ইউনিয়নের কালপোহা গ্রামের মৃত মো. ওমর আলীর ছেলে মো. ওমর ফারুককে (৩২) ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা (মামলা নং-২) দায়ের করা হয়েছে।
পুলিশের বক্তব্য:
গ্রেপ্তারকৃত উভয় আসামিকে বুধবার (৪ মার্চ) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।





















