ফরিদপুরে দুপুরে জরিমানা, বিকেলে সেই দোকানের প্রশাসনের ইফতার
- আপডেট সময় : ০৯:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 452
ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের এক অদ্ভুত ও দ্বিমুখী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে চরম বিস্ময় ও হাসির খোরাক সৃষ্টি হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে যে দোকানকে দুপুরে দেড় লাখ টাকা জরিমানা করা হলো, সেই দোকান থেকেই বিকেলে ইফতার মাহফিলের দই কিনলো উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন আচরণকে খোদ জেলা প্রশাসক (ডিসি) ‘কনফ্লিক্টিং’ বা সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন।
ঘটনার প্রেক্ষাপট:
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালীর বিখ্যাত ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার’-এর কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। অভিযানকালে কারখানার তেলে ময়লা, পুরনো মিষ্টির সিরা এবং অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার কয়েক ঘণ্টা পরই ইফতারি ক্রয়:
বিস্ময়কর বিষয় হলো, জরিমানার মাত্র কয়েক ঘণ্টা পর বিকেল ৩টার দিকে একই দোকান থেকে ১৩৫ কাপ দই কেনা হয় উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলের জন্য। প্রশাসনের কর্মকর্তারা নিজেরাই দোকানে গিয়ে দই সংগ্রহ করেন এবং ইফতারের মেন্যুতে সেই দই পরিবেশন করা হয়। এই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মনে প্রশ্ন জাগে— যে কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর বলে জরিমানা করা হলো, সেখানকার দই সরকারি ইফতারে পরিবেশন করা কতটা নিরাপদ?
কর্তৃপক্ষের বক্তব্য:
এই বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা দোকানের সব কিছুই তো খারাপ না। যেগুলো খারাপ সেগুলোর জন্য জরিমানা করা হয়েছে। সব খারাপ হলে দোকান সিলগালা করা হতো।”
অন্যদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা এই ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে বলেন, “দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই ইফতারের দই নেওয়ার বিষয়টি সত্যিই কনফ্লিক্টিং। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”



















