ফরিদপুরে ছাত্রাবাসে সমকামী কর্মকাণ্ডের অভিযোগ, আটক ৪
- আপডেট সময় : ০৫:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 1269
ফরিদপুর শহরের চানমারি এলাকায় অবস্থিত ‘ ছাত্রাবাস’ থেকে সমকামী কর্মকাণ্ডের অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটকৃতরা হলেন— তাম্বুলখানার মোহাম্মদ বাবুল খান (৪০), বাখুন্ডার জিহাদ হোসেন (২৮) এবং আঙিনা এলাকার কৃষ্ণ মন্ডল (৩০)। (উল্লেখ্য, ঘটনার মূল হোতাসহ মোট ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে)।
যেভাবে ধরা পড়ল তারা:
ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাসেল ছাত্রাবাসের বোর্ডার হাসান রাজ দীর্ঘদিন ধরেই আশেপাশের বিভিন্ন সাধারণ শিক্ষার্থীকে নানাভাবে আপত্তিকর ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাধারণ ছাত্রদের মনে তীব্র ক্ষোভ ও সন্দেহ ঘনীভূত হয়। আজ শনিবার দুপুরে ছাত্রাবাসের বোর্ডাররা সংঘবদ্ধ হয়ে হাসান রাজের রুমে আকস্মিক হানা দেয় এবং হাসান রাজসহ আরও দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এর কিছু সময় পর আরও এক ব্যক্তি তাদের ডাকে সাড়া দিয়ে ওই রুমে উপস্থিত হলে তাকেও আটকে রাখা হয়। তবে পরবর্তীতে হাসান রাজের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রাবাসের বোর্ডাররা তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয় এবং বাকিদের পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য:
এ বিষয়ে ওই ছাত্রাবাসের বোর্ডার নাহিদ বলেন, “দীর্ঘদিন ধরেই হাসান রাজ আমাকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। মাঝেমধ্যেই দেখতাম তার রুমে বহিরাগত বিভিন্ন ছেলে যাতায়াত করে। আমাদের সন্দেহ হওয়ায় আজকে ওত পেতে থেকে তাদের হাতেনাতে ধরে ফেলি।”
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা চানমারির ওই ছাত্রাবাসে উপস্থিত হই। স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ ওই যুবকদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনেছে। এই অভিযোগের ভিত্তিতেই বিস্তারিত তদন্তের জন্য তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


















