গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 69
বরিশালে পুলিশি গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত রাশেদ খান মেনন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বরিশাল সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এই নেতা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত তৎপরতা চালাচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য রোববার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তার ১ নম্বর ওয়ার্ডের বাসভবনে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে তিনি আকস্মিকভাবে বাসার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন।
বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুপুরে পুলিশ ওই আওয়ামী লীগ নেতার বাসার সামনে যায়। তবে সে সময় তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে পুলিশের দলটি থানায় ফিরে আসে। এর কিছুক্ষণ পরই খবর আসে যে, আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন নিজের বাসার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


















