সবুজ পৃথিবী রচনা করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে-এমপি এ কে আজাদ
- আপডেট সময় : ১০:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / 187
ফরিদপুরে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এটি শহরের সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেন, গাছ আমাদের বন্ধু। পরিবেশ ও মানব প্রজাতি রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই। গাছ আমাদের ফল ফসল আর অক্সিজেনই দেয় না, ঝড় জলচ্ছ্বাস সহ নানা দুর্যোগ থেকে রক্ষা করে। একটি দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের রয়েছে মাত্র ৮শতাংশ। বনায়ন বৃদ্ধিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। স্কুল-কলেজে রাস্তাঘাট এর পাশে যার যার বাড়ির আঙিনায় গাছ লাগিয়ে সবুজ পৃথিবী রচনা করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।
এ কে আজাদ বলেন, বঙ্গবন্ধু একটি শোষনহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ মানুষে ভেদাভেদ থাকবে না। বর্তমান সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ছে, মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ চলে যাচ্ছে, বাকিরা নিঃস্ব হচ্ছে। সমাজে সম্পদের সুষম সম্পদ বন্টনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে সব ধরনের দুর্নীতি অনিয়ম রুখে দাঁড়াতে হবে।
এজন্য ফরিদপুরের সরকারি কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যখন আমি জনগনের সেবা করার সুযোগ পেয়েছি তখন এখানে সব দপ্তরে ভালো ভালো যোগ্য ও দক্ষ কর্মকর্তা পেয়েছি।
ফরিদপুরে পদ্মার পাড়ে অবৈধ বালু উত্তোলন হচ্ছে, যা বন্ধ না করলে শহর হুমকির মুখে পড়বে মন্তব্য করে সংসদ সদস্য বলেন, আমি ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদীয় কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সাহেব তাদেরকে ফরিদপুরে আমন্ত্রণ জানিয়ে এর প্রতিকারের ব্যবস্থা করতে পারেন।
সামাজিক বনায়ণে সরকারি বাজেটের পাশাপাশি নিজস্ব বাজেট দিয়ে বনায়নকে ফরিদপুর সদরে শতভাগ সফল করার অঙ্গীকার করেন এ কে আজাদ।
ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম , সহকারী বন কর্মকর্তা মোস্তফা আল হোসেন ও বেসরকারি নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বন বিভাগের মোঃ সোহেল রানা।
সভায় বক্তারা বৃক্ষ রোপনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, গাছ মানুষকে অক্সিজেন দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সবাইকে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে এবং সেগুলোকে পরিচর্যা করতে হবে।
তারা বলেন, এবছর দেড় লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়া পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে আরো চারা রোপন করা হবে। নদীর তীরে বনায়নের ব্যবস্থা করা হবে। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এবছর মোট ৩৫টি স্টল বৃক্ষ মেলায় অংশগ্রহণ করছে।
রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উৎসব :
ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়েছে। শহরের চরকমলাপুর নিজস্ব আশ্রমে তিন দিনব্যাপী উৎসবে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে সন্ধায় অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ কে আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পৃথিবীর সকল ধর্মের প্রবক্তা ও প্রচারকগনই মানব কল্যান ও মানব জাতির মুক্তির জয়গান গেয়েছেন। স্বামী বিবেকানন্দ ও সারদা দেবীর জীবন ও কর্মের উপর বিষদ আলোচনা করে তিনি বলেন, ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই’ কবির এই চিরন্তন বাণীকে আমরা উপজীব্য করে চলতে পারলে সমাজে সংঘাত-হানাহানি কমে আসবে, বাড়বে সৌহার্দ ও সম্প্রীতি।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের স্বামী পুণ্যদানন্দ। স্বাগত ভাষণ দেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সম্ভতানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভারতের পশ্চিমবঙ্গর হাওড়া বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, ভারতের বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের স্বামী শ্রেষ্ঠানন্দ, রংপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দজী মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব, মানিকগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বালিয়াটীর অধ্যক্ষ স্বামী আদিরূপানন্দ ও ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বামী দেবধ্যানানন্দ ও স্বামী কল্যাণদানন্দ।




















