সাংবাদিক পিটিয়ে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / 174
ফরিদপুরের সদরপুরের ভাষানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না বেগমের দুর্নীতির সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকদের উপর হামলাকারী সেই চেয়ারম্যান নিজের দোষ ঢাকতে এবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
বুধবার (১৭ জুলাই) দুপুরে ভাষানচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। চেয়ারম্যানের ডাকা সংবাদ সম্মেলনে পরিষদের ১২ ইউপি সদস্যদের মধ্যে ৮ জনই উপস্থিত ছিলেন না।
নিজ ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন ডেকে ওই চেয়ারম্যান দাবি করে বলেন, ভাষাণচর ইউপির ৮ জন সদস্যের আনিত নানান অভিযোগের ভিত্তিতে উপ-পরিচালক ফরিদপুর মহোদয় ইউপি কার্যালয়ে এসে ১২ জন ইউপি সদস্যের উপস্থিতিতে উভয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল এর দিক নির্দেশনার আলোকে সমঝোতা করে দিয়ে যান। তারপরও গণমাধ্যম কর্মীরা আমাকে বার-বার উক্ত অভিযোগের বিষয়ে অজ্ঞাতে ভিডিও করে তারা অফিস কক্ষের বাহিরে চলে যান। এমনকি আমার সামনেই গণমাধ্যম কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমি ও ইউপি সদস্যগণ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে উভয়ের মধ্যে মিমাংসা করে দেই। কিন্তু আমার ও ইউপি সচিবের বিরুদ্ধে তারা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করে যাচ্ছে, যাহা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের মনগড়া সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং উপস্থিত সাংবাদিকদের সঠিকভাবে চিহ্নিত করে সংবাদ পরিবেশনের আহবান জানান।
এসময় সদরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গত ১৫ জুলাই ওই ইউনিয়ন পরিষদের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে দৈনিক মানবকন্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন সংবাদ সংগ্রহ করতে গেলে চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।



















