সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- আপডেট সময় : ১২:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / 174
ফরিদপুরের সদরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আশরাফুল আলম আশিক (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার সদরপুর ইউনিয়নের দশ হাজারে গ্রামের ফজলুর রশীদ মুন্সীর পুত্র। নিহত আশরাফুলের স্ত্রী ও এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় ২ নং উপজেলা পরিষদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশরাফুল দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে হাসপাতাল মোড়ের দিকে যাচ্ছিল। ২নং উপজেলা পরিষদ মার্কেটের সামনে এলে হঠাৎ করে একটি ইলেকট্রিক পোস্টের সাথে সজোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় এবং প্রচন্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের আপন চাচা এস এম নুরুজ্জামান মুন্সী জানিয়েছেন আশরাফুল সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সাড়ে ৮ টার দিকে মোবাইলে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি। সদরপুর থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে পরবর্তী প্রক্রিয়া সম্পাদনের জন্য কথা বলেছি।
সদরপুর থানার এস.আই (নিরস্ত্র) মোঃ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন তৈরী করেছেন। এ প্রসঙ্গে সদরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল মোতালেব বলেছেন, একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















