ফরিদপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 231
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের বেতাগী উপজেলার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা বেগম (২৩) এবং বাগেরহাটের কচুয়া উপজেলার মো. সোহাগের স্ত্রী মারিয়া বেগম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় যে, ঢাকা থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে ভাঙ্গায় বড় একটি মাদকের চালান আসছে। এমন খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি চেকপোস্ট বসায়। পরে রাত ৯টার দিকে সাদা একটি মাইক্রোবাস থামানোর জন্য সিগনাল দিলে গাড়িটি পুলিশের চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে ৬ প্যাকেটে ১৫ কেজি গাঁজা, ৩টি মোবাইল ও একটি নোয়া গাড়িসহ দুই নারীকে আটক করে থানায় আনা হয়।
আটক দুই নারী নিজেদের দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির সাংবাদিক পরিচয় দিয়ে আইডি কার্ডও দেখিয়েছিল। পরে পুলিশের কাছে তারা স্বীকার করে যে তারা সাংবাদিক নয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে ১৫ কেজি গাঁজা নিয়ে তারা ভাঙ্গায় আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। আটক দুই নারীকে আদালতে প্রেরণ করা হবে।



















