আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২
- আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 382
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খাইরদিয়া গ্রামে রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে দুটি রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্শে অন্তত ২২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি করিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৫ জানুয়ারি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকালে আনোয়ার হোসেনের গ্রুপের লোকজন শরিফাবাদ বাজারে মহড়া দেয়। পরে তারা করিম মোল্লার বাড়ির দিকে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্শে ঢাল, সড়কি, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এলাকায় অতিরিক্ত পাহারা বসিয়েছে।
- করিম মোল্লা: বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং আওয়ামী লীগের কিছু লোকজন মিলে তাদের ওপর হামলা চালিয়েছে।
- আনোয়ার হোসেন: নিক্সন চৌধুরীর এক নম্বর সমর্থক নিরু খলিফার লোকজন তাদের বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















