ফরিদপুরের মধুখালীতে গঙ্গাস্নানে ভক্তদের ভিড়
- আপডেট সময় : ১২:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 200
ফরিদপুরের মধুখালীতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রায়পুর ইউনিয়নের কালীগঙ্গায় কুমার নদীতে হাজার হাজার ভক্ত গঙ্গাস্নান করেছেন।
সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা রায়পুরের কালীগঙ্গা কুমার নদীর তীরে সমবেত হতে থাকেন। নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মাধ্যমে তারা পরিবারের মঙ্গল কামনা করেন এবং দেশ ও জাতির জন্য প্রার্থনা করেন।
এই অনুষ্ঠানে রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহাব্বাত হায়াত মিয়া, ৮নং রায়পুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
পুরোহিত অনিল সাধু জানান, শাস্ত্র অনুযায়ী গঙ্গাস্নানের মাধ্যমে পাপ মোচন হয় এবং ভক্তরা ভগবানের কাছে আশীর্বাদ কামনা করে। পূণ্যার্থী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, গঙ্গাস্নানের মধ্য দিয়ে তিনি নিজের এবং পরিবারের জন্য মঙ্গল কামনা করেছেন।
গঙ্গাস্নানকে কেন্দ্র করে কুমার নদীর তীরে একটি বর্ণিল মেলা বসেছে। মেলায় নাগরদোলা, বিভিন্ন ধরনের খাবার, প্রসাধনী সামগ্রীসহ নানা ধরনের দোকান বসেছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।



















