ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ
- আপডেট সময় : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 160
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের মো. ইউনুছ মুন্সি সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর হাতিয়ে নিয়ে তা বিক্রি করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ মুন্সি স্বাবলম্বী হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে এই ঘরটি অর্জন করেছেন। তিনি নিজের বাড়ির পাশে নতুন একটি ঘর নির্মাণ করেছেন এবং সরকারি ঘরটি বিক্রি করে দিয়েছেন।
এলাকাবাসীরা দাবি করছেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা আইনবিরোধী। তারা এই ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা তৈয়াবুর রহমান বলেন, “ইউনুছ মুন্সী স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে সরকারি ঘর হাতিয়ে নিয়েছেন। এটি একটি দুর্নীতির ঘটনা।”
আরেক বাসিন্দা এনামুল হক বলেন, “অনেক ভূমিহীন মানুষ আশ্রয়হীন। কিন্তু ইউনুছ মুন্সির মতো স্বাবলম্বী লোক সরকারি ঘর পাওয়া অন্যায়।”
ইউনুছ মুন্সির স্ত্রী হাফেজা বেগম দাবি করেন, তারা ঘরটি বিক্রি করেননি। শুধু ঘরটি ভেঙে নতুন করে একটি টিনের ঘর নির্মাণ করেছেন।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা আইনবিরোধী। এই ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



















