২৫ ফেব্রুয়ারি ২০২৫; মঙ্গলবার: সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিকল্প নেই এ লক্ষ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) গ্রুপ বিআরটিএ অফিসে একটি ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করে।
তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা
ফরিদপুর জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে আগত বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ফরিদপুরের ইয়েস সদস্যরা তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব তুলে ধরে ও টিআইবি থেকে আইনটির উপর প্রকাশিত লিফলেট বিতরণ করে। এ সময়কালে কিভাবে তথ্য অধিকার ফরম পূরণ করতে হয় তা বিআরটিএ অফিসে আগত সেবা নিতে আসা আগ্রহী জনগণকে হাতে কলমে শেখানো হয়। সকলে তথ্য অধিকার আইন ও ফরম পূরণ করার বিষয়টি জানতে ও শিখতে পেরে টিআইবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিআরটিএ কর্তৃপক্ষ এবং সেবাগ্রহীতারা সনাক – টিআইবি’র এমন উদ্যোগকে স্বাগত জানান।
সেবা গ্রহীতাদের মতামত
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে প্রায় ১৫০ জন মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে অবহিত করা হয়। সেবাগ্রহীতার অনেকে বলেন যে, বিআরটিএ-এর আবেদন অনলাইন হলেও ইংরেজীতে হওয়ায় এবং কম্পিউটার ভিত্তিক হওয়ার কারণে অনেকে স্থানীয় দোকানদারের সহযোগিতা নিয়ে ফরম পূরণ করেন। যেখানে ইয়েস ও সনাক সদস্যগণ তাৎক্ষণিকভাবে সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে কথা বলেন এবং অনেকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা প্রকাশ করেন।
তাঁরা অনলাইন সেবার অ্যাপ বা ওয়েবসাইটটি সহজীকরণ করার বিষয়ে জোর দাবি জানান। তাঁরা বিআরটিএ-এর অনলাইন সেবার প্রচারণা বাড়ানোর বিষয়েও আহ্বান জানান। বেশিরভাগ ক্ষেত্রে সেবাগ্রহী জনসাধারণ নিজে তথ্য পূরণ করতে পারেন না, ফলে তারা বিভিন্ন মাধ্যমে মোটরসাইকেল/গাড়ির লাইসেন্স, নবায়ন, ফিটসেন বা গাড়ীর বৈধ কাগজ তৈরীর আবেদন করে থাকেন, ফলে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা খরচ হয়। এ বিষয়ে অধিক প্রচারণা করা হলে দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে কমতে পারে। বিএরটিএ কর্তৃপক্ষ ভবিষ্যতে অনলাইনে সেবা যেমন মোটরসাইকেল/গাড়ির লাইসেন্স, নবায়ন, ফিটসেন বা গাড়ীর বৈধ কাগজ তৈরি এসকল বিষয়ে প্রচারণা বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিবেন বলে সকলকে জানান।
কার্যক্রম পরিচালনাকারী
ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টিআইবি-এর এরিয়া কো অর্ডিনেটর গোলাম মোস্তফা এবং সনাক সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইয়েস সদস্য আফসানা, সুদীপ্ত, তরিকুল এবং ইন্টার্ন শান্ত ও আম্বিয়া হক আনমি। ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনায় বিশেষভাবে সহযোগিতা করেছে ফরিদপুর বিআরটিএ অফিসের কর্মকর্তাবৃন্দ। সকলে এই ধরণের প্রচারণা বাড়ানোর জন্য তাগিদ প্রদান করেন।