কিশোরগঞ্জে শিয়ালের আক্রমণে ১৯ মাসের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 155
কিশোরগঞ্জে উঠান থেকে গলায় কামড় দিয়ে মো. আরাফ (১৯ মাস) নামে এক শিশুকে টেনে বাগানে নিয়ে যায় শিয়াল। এ ঘটনায় ওই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় ও পরিবারের বর্ণনা:
মৃত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিঙ্কনের ছেলে। আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে সবার চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এ সময় একজন খাইরুল ইসলামের বাগানে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাকচিৎকারে গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করা হয়।
আরাফের বাবা লিঙ্কন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার প্রাণপ্রিয় সন্তানের মরদেহ দেখতে পাই। এর চেয়ে কষ্টের আর কী আছে?
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











