ফরিদপুরে বাস চাপায় অটোভ্যানের ২ যাত্রী নিহত, আহত ৩
- আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 403
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর মেছরদিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—উপজেলার মেছরদিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) এবং কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের মৃত হাসেন মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (৪৫)।
বাসের ধাক্কায় উল্টে যায় অটোভ্যান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার মেছরদিয়া মোড়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাস অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
হাসপাতালে মৃত্যু, একজন মারা যান ঢাকা নেওয়ার পথে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান এবং ঢাকা নেওয়ার পথে মারা যান আরেকজন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।



















