ফরিদপুর থেকে গ্রেফতার ডিএমপির সাবেক কমিশনারের
- আপডেট সময় : ১১:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 1123
ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ও ভাগ্নে ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান।
বিভিন্ন মামলার আসামি
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় ইব্রাহিম শেখ ২৯ নম্বর এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, দুপুর দেড়টার দিকে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ইব্রাহিম শেখ একজন পেশাদার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, তা যাচাই-বাছাই চলছে।
ডিএমপির সাবেক কমিশনারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি
স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার ছিলেন বর্তমানে কারান্তরীণ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার লোকাল ক্যাশিয়ার। তার হয়ে এলাকায় আধিপত্য বিস্তার, ক্ষমতার অপব্যবহার, জমি ও দোকান দখল, সালিসের নামে টাকা আদায় এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ও বরখাস্ত
স্থানীয় রাজনীতির পাশাপাশি ইব্রাহিম শেখ কেন্দ্রীয় তাঁতী লীগের একজন সদস্য। জানা যায়, আছাদুজ্জামান মিয়ার প্রভাবে এবং ভোট কারচুপির মাধ্যমে তাকে জোরপূর্বক আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদে নির্বাচিত করা হয়। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরে তাকে বরখাস্ত করা হয়।



















