ফরিদপুরের মাদরাসা শিক্ষক খুন, বিল থেকে লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / 499
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর মাদরাসার এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেখ আল কালাম আজাদ (৬০) উপজেলার মেগচামী ইউনিয়নের বাসিন্দা এবং চরবামুনদি ইয়াসিন আলী দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের পিতা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মধুখালী উপজেলার জাহারপুর ইউনিয়নের কোঠরাকান্দি বিল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়।
নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি
নিহতের ছেলে তানভীর আহমেদ শিমুল জানান, গত ২৭ এপ্রিল রোববার সন্ধ্যা ৬টার দিকে তাঁর বাবা বিলআড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন। পরদিন সোমবার তিনি মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরেই হত্যাকাণ্ড
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, জিডির পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। এ সময় শেখ আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তাঁর শ্বাশুড়ি এবং মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখ (২৮)-কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য দেন, যার ভিত্তিতে নিখোঁজের ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ওসি আরও বলেন, “তদন্ত চলছে, এখন পর্যন্ত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”





















