বিএনপির নেতাকর্মীর সংকটে কি অপু বিশ্বাসকে ভাড়া করা হয়েছে?
- আপডেট সময় : ১১:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 526
একসময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া জনপ্রিয় ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস এবার যোগ দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির এক সমাবেশে তার উপস্থিতিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। দলের নেতাকর্মী ও সাধারণ নেটিজেনরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আয়োজকদের বহিষ্কারের দাবি জানিয়েছেন।
বিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাস
গতকাল বৃহস্পতিবার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোডাউন, ভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে এতে যোগ দেন অপু বিশ্বাস এবং অভিনেতা নিরব হোসেন। জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে অপু বিশ্বাস স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চেয়ে বক্তব্য দেন।
সমালোচনার ঝড় ও নেটিজেনদের ক্ষোভ
গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তোলেন, যিনি একসময় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, এমনকি আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছিলেন, তিনি কীভাবে বিএনপির মতো একটি দলের মঞ্চে জায়গা পান।
নেটিজেনরা এই ঘটনাকে বিএনপির ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ বলে আখ্যা দেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দলের জন্য নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন, তারা এই ঘটনাকে নিজেদের প্রতি অবমূল্যায়ন বলে মনে করছেন।
নেটিজেনদের কিছু মন্তব্য:
জুয়েল নামে একজন লিখেছেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভাড়া খেটে বেড়ানো অপু বিশ্বাসই আজ বিএনপির অনুষ্ঠানে অতিথি! এটা রাজনৈতিক দেউলিয়াত্বের নগ্ন স্বাক্ষর।’
সোহেল খান সোহেল নামের একজন নিজেকে একজন নির্যাতিত কর্মী দাবি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অপু এতদিন কাজ করেছে নৌকার মাঝি হয়ে। তাহলে বিএনপির আমরা যারা নির্যাতিত, জেল, হামলা, মামলার শিকার; তাদের কোনো মূল্য নেই?’
আলিয়া নিশাত নামে একজন নারী মন্তব্য করেন, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার বলা অপু বিশ্বাসকে এসব আওয়ামী দালালদের দাওয়াত দিয়ে যারা প্রোগ্রামে নিয়েছে, সেসব হাইব্রিড নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হোক।’
সোনিয়া আক্তার লিখেছেন, ‘আওয়ামী লীগ যেমন ভোটের আগে নায়িকা ভাড়া করতো, বিএনপিও ঠিক সেই পথে পা বাড়াচ্ছে, তাহলে পার্থক্যটা কি?’
এসব মন্তব্যের মাধ্যমে সমালোচকরা আয়োজক কমিটির প্রতি ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





















