জুয়ার ছবলে শেষ প্রাণ: ফরিদপুরে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 3663
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক ভাড়া বাসা থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা (অ্যাকাউন্টস অফিসার) হিসেবে কর্মরত ছিলেন।
অনলাইন জুয়ার আসক্তি ও রহস্যময় চিরকুট
ঘটনার তদন্ত ও নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলিভ বিশ্বাস সম্প্রতি স্মার্টফোনে বিভিন্ন অনলাইন জুয়ার সাইট ও অ্যাপে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। জুয়ায় বিপুল অর্থ হেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও দেউলিয়া হয়ে পড়েন। আত্মহননের আগে তিনি একটি চিরকুট (সুসাইড নোট) রেখে গেছেন, যেখানে নিজের অনলাইন জুয়ায় আসক্ত হওয়া এবং ঋণের জালে জড়িয়ে পড়ার কথা উল্লেখ রয়েছে বলে গুঞ্জন উঠেছে।
ছুটি শেষে ফিরে বন্ধ দরজা ও মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়েনদিয়া বাজার এলাকায় শাহ জাফর টেকনিক্যাল কলেজের শিক্ষক স্বপন কুমার সাহার বাড়িতে অন্য এক সহকর্মীর সঙ্গে ভাড়া থাকতেন অলিভ। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অলিভের রুমমেট ও সহকর্মী অমরেন্দ্র মণ্ডল নিজ বাড়িতে যান।
শনিবার সকাল ৮টার দিকে অমরেন্দ্র ভাড়া বাসায় ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। অলিভকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়াশব্দ মেলেনি। পরবর্তীতে বিষণ্ন অমরেন্দ্র আশপাশের লোকজনকে ডেকে এনে বিষয়টি জানান।
পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে অলিভ বিশ্বাসের ঝুলন্ত মরদেহ দেখতে পান উপস্থিত সবাই। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের বক্তব্য ও আইনগত প্রক্রিয়া
এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংগৃহীত আলামত ও পরিস্থিতির ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।”











