পত্রিকায় নিউজের পর সেই ভাঙ্গা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে
- আপডেট সময় : ০৮:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 348
এক যুগেও সংস্কার হয়নি সড়ক, চরম ভোগান্তি’ শিরোনামে ফরিদপুর সদর উপজেলার একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক বিষয়ে সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল। এর মাঝে ৫ মাস সময় অতিবাহিত হবার পর আজ সোমবার (০৬ এপ্রিল) সেই সড়ক সংস্কারের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর সদর উপজেলা অফিস।
এসময় উপস্থিত ছিলেন ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন মিয়া, চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোঃ রফিকুল ইসলাম খান, সাংবাদিক মেহেদী সোহেল, শাহীন মন্ডলসহ স্থানীয় গন্যমান্য আরো অনেকে।
সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাজি রহিম উদ্দিনপাড়ার (বকারটিলা) অতি গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে দুর্গাপুর বেড়িবাঁধ বাজার থেকে জামতলা হাটে যাতায়াত করেন অসংখ্য মানুষ। এই সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পরলেও ২০০ মিটার সংস্কার এর অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পরলেও ২০০ মিটার সংস্কার এর অনুমোদন পাওয়া গেছে। যতদূর জানতে পেরেছি বাজেট সঙ্কটে কারণে পুরোটা সংস্কার এর অনুমোদন করা সম্ভব হয়নি।
এদিকে যতটুকু কাজের অনুমোদন হয়েছে তাতেই সন্তুষ্ট প্রকাশ করেছেন এলাকাবাসি। হাজি রহিম উদ্দিনপাড়ার বাসিন্দা মোঃ ফরিদ শেখ বলেন, এই ভাঙ্গা ও খাদা খন্দ সড়কে আমরা খুব কষ্টে চলাচল করি। সড়কটি সংস্কার হলে এই এলাকায় কয়েক হাজার মানুষের কষ্ট লাঘব হবে।
শাহিন মন্ডল বলেন, এই সড়ক দিয়ে এলাকার কয়েক শত চাষিদের কয়েক হাজার টন আবাদকৃত ফসল পরিবহন করতে হয়। এতে তাদের অসহনীয় ভোগান্তিতে পরতে হয়। তাই সড়কটি সংস্কার খুবই জরুরি ছিলো। এজন্য উপজেলা প্রশাসন ও ঢাকা মেইলকে অনেক ধন্যবাদ।
শাহিন মন্ডলের সঙ্গে সুর মিলিয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ মোঃ নাসির উদ্দীন মিয়াও উপজেলা প্রশাসন ও ঢাকা মেইলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের যোগাযোগ ও পরিবহন ব্যাবস্থার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নত সড়ক ব্যবস্থা। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একটি সড়ক সংস্কার না করা স্থানীয় জনগণের ওপর জুলুমের শামিল। আমরা আমাদের গণমানুষের নেতা, আমাদের সাংসদ, চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের মাধ্যমে সড়কের বাকি অংশটুকু সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, যেহেতু বাজেট সংকটের জন্য পুরো সড়কটিকে সংস্কার সম্ভব হচ্ছে না, তাই আগামী বাজেটে আমরা এই সড়কের বাকি অংশ সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














