ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরকে প্রকাশ্যে খুন
- আপডেট সময় : ১০:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 756
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা হুমায়ুন কবীর (২১) নিহত হয়েছেন। নিহত হুমায়ুন গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সোনাকান্দী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাকান্দী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মো. দিদারুল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকান্দীর বাদল ও রাশেদ নামের দুই যুবক দীর্ঘদিন ধরে পাশের বাজারের একটি চায়ের দোকানে বাকিতে চা খেতেন। দোকানি তাদের কাছে পাওনা টাকা চাওয়ার পর ছাত্রদল নেতা হুমায়ুন কবীরের কাছে অভিযোগ করেন। পরে হুমায়ুন বাদল ও রাশেদকে ডেকে এনে টাকা পরিশোধের জন্য চাপ দেন।
এই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় সোনাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুমায়ুন কবীরের পথরোধ করে ছুরিকাঘাত করে তারা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সোনাকান্দী গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক বলেন, “পূর্বশত্রুতার জেরে আমাদের সংগঠনের নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
ওসি দিদারুল আলম জানান, ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।





















