ফরিদপুরে পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়ল জ্যান্ত কুমির
- আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 229
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের বরশিতে একটি কুমির ধরা পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এই বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
যেভাবে ধরা পড়ল কুমির:
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরেও তারা নদীতে হাজাইরা বরশি নিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বরশিতে ভারী কিছু আটকে গেলে তারা মাছ ভেবে টানতে শুরু করেন। কিন্তু কাছে আসতেই তারা চমকে ওঠেন—দেখেন বরশির কাঁটায় একটি কুমির আটকে আছে। পরে জেলেরা অত্যন্ত সতর্কতার সাথে কুমিরটিকে উদ্ধার করে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।
এলাকায় চাঞ্চল্য:
কুমির ধরা পড়ার খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমান। প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী ও রাজীব ব্যাপারী জানান, কুমিরটি নিয়ন্ত্রণে আনার পর তারা দ্রুত স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে খবর দেন। স্থানীয়দের অনেকেই জীবনের প্রথমবারের মতো জ্যান্ত কুমির কাছ থেকে দেখে বিষ্ময় প্রকাশ করেন।
প্রশাসন ও বন বিভাগের তৎপরতা:
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। কুমিরটিকে নিরাপদে উদ্ধার ও সংরক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম জানান, কুমিরটি উদ্ধারের জন্য খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল রওনা দিয়েছে। তারা এসে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদ কোনো আবাসস্থলে স্থানান্তর করবেন।
সতর্কবার্তা:
বন বিভাগের প্রাথমিক ধারণা, পানির স্রোত বা পরিবেশগত কারণে কুমিরটি পদ্মার এই অংশে চলে এসেছে। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে কুমিরটির কাছাকাছি না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করেছে।



















