মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করায় ফরিদপুরে বৃদ্ধ আটক
- আপডেট সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 412
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ফরিদপুরের বোয়ালমারীতে লাল মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করলে পুলিশ তাকে উদ্ধার করে এবং পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ঘটনার সূত্রপাত
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর হাটে স্থানীয় ব্যবসায়ী নাইমের দোকানের পাশে বসে লাল মিয়া মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বলেছিলেন যে মহানবী নাকি গান-বাজনা ও অশালীন নাচ উপভোগ করতেন। এ ধরনের মন্তব্য শুনে হাটে উপস্থিত ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত লাল মিয়া সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন।
বিক্ষুব্ধ জনতা ও পুলিশের পদক্ষেপ
খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা লাল মিয়ার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তার কঠোর শাস্তি দাবি করেছেন। স্থানীয় ক্বারী মো. ছবির হোসেন বলেন, “ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী বা ইসলামকে নিয়ে এমন কটুক্তি মেনে নেবে না। আমরা আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
আইনি প্রক্রিয়া
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ২৯৫/২৯৬ ধারায় অভিযুক্ত লাল মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।





















