ফরিদপুর-১ আসনে
ফরিদপুরে ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতা
- আপডেট সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 2133
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির ত্যাগী নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রকিবুল হাসানের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহ:
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া এবং বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টনসহ তৃণমূলের নেতাকর্মীরা।
কেন এই বিদ্রোহ?
স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “ফরিদপুর-১ আসনে তৃণমূলের মতামতকে তোয়াক্কা না করেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে সাধারণ সমর্থক ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের চাপ ও অনুরোধেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ:
উল্লেখ্য, এই আসনে বিএনপি থেকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে। এখন ঝুনুর এই স্বতন্ত্র প্রার্থিতা বিএনপির দলীয় ভোটব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।















