ফরিদপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 630
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মুন্না মোল্লা (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার পোওয়াল বিশ্বাসপুর ব্রিজের ঢাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান ও উদ্ধার:
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বোয়ালমারী আর্মি ক্যাম্পের (১৫ আর ই ব্যাটালিয়ন) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পোওয়াল বিশ্বাসপুর ব্রিজের ঢালে অবস্থান নেয়। অভিযান চলাকালীন মাদক ব্যবসায়ী মুন্না মোল্লাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন সেনা সদস্যরা।
পরিচয়:
গ্রেপ্তারকৃত মুন্না মোল্লা ফরিদপুরের সালথা উপজেলার বড় বাহির দিয়া এলাকার কাসেম মোল্লার ছেলে বলে জানা গেছে।
আইনি কার্যক্রম:
অভিযান শেষে রাত ৩টার দিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মুন্নাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে মুন্নাকে হস্তান্তরের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত মুন্না মোল্লাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে উদ্ধারকৃত আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।




















