ফরিদপুরে বিকাশের স্টার এজেন্ট মিলন মেলা ও ব্যবসায়িক আলোচনা
- আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 43
প্রান্তিক পর্যায় থেকে শহর—ডিজিটাল অর্থ লেনদেনে যে মানুষগুলো দিনরাত নেটওয়ার্ক সচল রাখেন, তাঁদের নিয়েই বসলো এক ব্যতিক্রমী আসর। শুধু দৈনন্দিন ব্যবসায়িক হিসাব-নিকাশ নয়, বরং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকের লেনদেনের নিরাপত্তা আরও শক্তপোক্ত করার বার্তা ছড়িয়ে পড়ল উৎসবমুখর সেই আঙিনায়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফরিদপুর শহরের বদরপুরস্থ বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসে ইউ.আর. কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত হয় ‘স্টার এজেন্ট মিলন মেলা ও ব্যবসায়িক আলোচনা’। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই মিলনমেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিকাশের তারকা এজেন্টরা উপস্থিত হয়ে দিনটিকে করে তোলেন অর্থবহ।
অনুষ্ঠানে বিকাশের অপারেশন ম্যানেজার মো. নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ.আর. কর্পোরেশনের স্বত্বাধিকারী ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ গোলাম মারুফ।
লেনদেনের নিরাপত্তা ও গ্রাহকসেবায় জোর
অনুষ্ঠানে এজেন্সী ব্যবসার প্রসার ও প্রতিদিনের চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন কর্মকর্তারা। বিশেষ করে ডিজিটাল জালিয়াতি রোধ, গ্রাহকের আর্থিক লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম শিবলু, টেরিটরি ম্যানেজার মো. মাহবুবুর রহমান, ডিস্ট্রিবিউশন কমপ্লায়েন্স অফিসার মো. স্বপ্নন জমাদ্দার, সুপারভাইজার মো. মোশারফ হোসেন ও মো. জাহাঙ্গীর পাঠানসহ জেলার প্রায় ৩০ জন প্রতিনিধি ও স্টার এজেন্ট।
এজেন্টরা তাঁদের মাঠপর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার কথা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। কর্মকর্তারাও সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ভবিষ্যতের সম্ভাব্য ব্যবসার দিকনির্দেশনা প্রদান করেন।
অভিজ্ঞতার আদান-প্রদানে নতুন দিগন্ত
বক্তারা জোর দিয়ে বলেন—
“স্টার এজেন্টরা বিকাশ পরিবারের মূল চালিকাশক্তি। এ ধরনের প্রত্যক্ষ মতবিনিময় ও মিলনমেলার মাধ্যমে এজেন্টদের মধ্যে পারস্পরিক পেশাদার সম্পর্ক সুদৃঢ় হয়। এর ফলে যেকোনো মাঠপর্যায়ের বাধা বা কৌশলগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠে গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা দেওয়া সহজ হবে।”











