ফরিদপুরে জেলগেটে আ.লীগ নেতাকে বরণ করলেন বিএনপির এমপির
- আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 606
দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর মুক্তি পেলেন ফরিদপুরের ভাঙ্গার আলোচিত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা। তবে তাকে বরণ করে নেওয়ার দৃশ্যটি ছিল পুরো জেলার আলোচনার কেন্দ্রবিন্দু। রোববার (৮ মার্চ) ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেলে জেলগেটে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
কেন এই উষ্ণ অভ্যর্থনা?
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিঞা। ওই আন্দোলনের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর ডিবি পুলিশ তাকে আটক করে। রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও ভাঙ্গার স্বার্থ রক্ষায় সিদ্দিক মিঞার এই লড়াইকে সমর্থন জানিয়েছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল।
জেলগেটে দুই নেতার মালা বদল:
রোববার দুপুরে সিদ্দিক মিঞা কারামুক্ত হয়ে বেরোলে তাকে স্বাগত জানান এমপি বাবুল। এসময় দুই রাজনৈতিক প্রতিপক্ষ একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন। কারামুক্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগ নেতা সিদ্দিক মিঞা বলেন, “আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি চিরঋণী।”
ফেসবুকে এমপির ঘোষণা:
এ নিয়ে শহিদুল ইসলাম বাবুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “নির্বাচনের আগে কথা দিয়েছিলাম—ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেফতার হওয়া সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করবো। আজ সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলেন, আমি জেলগেটে থেকে তাকে রিসিভ করলাম।”
উল্লেখ্য, উচ্চ আদালতের রায়ে ওই দুটি ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনেই ফিরে আসে এবং গত নির্বাচনে তারা এই আসনেই ভোট প্রদান করেন।





















