ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 1163
ফরিদপুরের মধুখালীতে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফরহাদ লস্কর ওরফে বকুল লস্কর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদ উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট মুন্সিপাড়া গ্রামের আজিজার রহমান লস্করের ছেলে।
অভিযানের বিবরণ:
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোস্তুম আলী ও এএসআই আশরাফুল আলম উপজেলার গোহাইল পাড়া এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে ফরহাদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে সজীব ফকির ও ওয়াইদুর নামে অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আইনি ব্যবস্থা:
এ ঘটনায় মধুখালী থানায় গ্রেফতারকৃত ফরহাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















