ফরিদপুর হলিডে মার্কেটে অনিয়মের অবসান! এমপি নায়াব ইউসুফের হস্তক্ষেপে নতুন কমিটি
- আপডেট সময় : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 174
ফরিদপুর শহরের অনলাইন উদ্যোক্তাদের সবচেয়ে জনপ্রিয় ও ভরসার জায়গা ‘হলিডে মার্কেট’ কি তবে কতিপয় লুটেরা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছিল? অতিরিক্ত স্টল ফি আদায়ের জুলুম আর আর্থিক অস্বচ্ছতার কালো মেঘে যখন সাধারণ উদ্যোক্তাদের নাভিশ্বাস উঠেছিল, ঠিক তখনই ধেয়ে এল পরিবর্তনের চাবুক। অবশেষে সাধারণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবির মুখে বিলুপ্ত করা হয়েছে পুরোনো বিতর্কিত পরিচালনা কমিটি।
মার্কেটটির সুষ্ঠু, স্বচ্ছ ও গতিশীল পরিচালনার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য ৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। এর মধ্য দিয়ে হলিডে মার্কেটে স্বচ্ছতা ফেরার নতুন আলোর মুখ দেখছেন স্থানীয় ছোট ও মাঝারি উদ্যোক্তারা।
ময়েজ মঞ্জিলের সেই বৈঠক: সিন্ডিকেট ভাঙার রূপরেখা
সম্প্রতি হলিডে মার্কেটে অনিয়মের পাহাড় জমতে শুরু করলে সাধারণ উদ্যোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেয়। ই-কমার্সের নামে এই হরিলুট বন্ধ করতে গত ১৩ জুলাই ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছিলেন ভুক্তভোগীরা। স্মারকলিপি পেয়ে পৌর প্রশাসক তাৎক্ষণিক নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেও সংকট পুরোপুরি কাটছিল না।
উদ্ভূত এই জটিল পরিস্থিতি সামাল দিতে এবং মেহনতি উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় সরাসরি ময়দানে নামেন সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। গত ২৫ জুলাই দুপুরে শহরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় বসেন তিনি। দীর্ঘ আলোচনার পর ক্ষুব্ধ উদ্যোক্তাদের দাবিকে মান্যতা দিয়ে পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাবলু সভাপতি, তনু সম্পাদক: ১ বছরের জন্য ৭ সদস্যের নতুন সারথি
সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদের অনুমোদিত এই ১ বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন জি এইচ বাবলু পাটোয়ারী। সহ-সভাপতি পদে মো. এনামুল হাসান গিয়াস, সাধারণ সম্পাদক পদে মুসফিকুর রহমান তনু এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন মো. সেলিম মিয়া। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষাধ্যক্ষ পদের চাবিকাঠি দেওয়া হয়েছে বাইতুল মাহফুজের হাতে। কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে থাকছেন তাসলিমা আক্তার (লাকি) ও পাপড়ি আক্তার (বৃষ্টি)।
মতবিনিময় সভায় সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ কড়া বার্তা দিয়ে বলেন, “ফরিদপুরের তরুণ ও অনলাইন উদ্যোক্তাদের পাশে আমি সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। এই মার্কেটটি যাতে ভবিষ্যতে আরও পরিচিতি পায় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করে, সে জন্য সব ধরনের প্রশাসনিক ও ব্যক্তিগত সহযোগিতা করা হবে।” একই সাথে সাধারণ উদ্যোক্তাদের যেকোনো অনিয়ম বা প্রয়োজনে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাঁর সাথে যোগাযোগের কড়া পরামর্শ দেন তিনি।











