ফরিদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 342
ফরিদপুরের মধুখালী উপজেলায় বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোরের দিকে উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে সাংসারিক কাজের জন্য রিজিয়া বেগম ঘর থেকে বের হচ্ছিলেন। এ সময় ঘরের দরজার সামনের সিঁড়ির নিচে ওৎ পেতে থাকা বিষধর সাপ তাকে দংশন করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
চিকিৎসকের বক্তব্য
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ কবির সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সর্প দংশনে আক্রান্ত রোগী রিজিয়া বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
রিজিয়া বেগম মথুরাপুর গ্রামের গগন মোল্লার স্ত্রী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











