ফরিদপুরের পাটক্ষেতে নববধূকে রাতভর নির্যাতন
- আপডেট সময় : ০৮:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 667
ফরিদপুরের মধুখালী উপজেলায় টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের পর স্ত্রীকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এনে নির্মম নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
গত শুক্রবার (১৫ মে) দিনগত রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী প্রান্ত শেখ (২২) ওই এলাকার মুজিবর শেখের ছেলে।
টিকটকে প্রেম ও বিয়ে:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকিয়া বেগমের সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় দেড় মাস আগে তারা পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পাটক্ষেতে নিয়ে রাতভর নির্যাতন:
ভুক্তভোগী রোকিয়া বেগম জানান, শুক্রবার রাতে প্রান্ত তাকে গাজীপুর থেকে নিজেদের স্থায়ী বাড়িতে নেওয়ার কথা বলে ফরিদপুরের মধুখালীতে নিয়ে আসেন। রাত আনুমানিক ২টার দিকে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর, প্রান্ত তাকে বাড়ি না নিয়ে কৌশলে কুরানিয়ার চর গ্রামের একটি নির্জন পাটক্ষেতে নিয়ে যান। সেখানে রোকিয়ার ওপর রাতভর চালানো হয় অমানুষিক ও পাশবিক শারীরিক নির্যাতন।
রোকিয়ার অভিযোগ, একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং নৃশংসভাবে তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করে ঘাতক প্রান্ত। পরে প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে কোনোমতে কৌশলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
উদ্ধার ও বর্তমান অবস্থা:
শনিবার (১৬ মে) সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে নওপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে সেখানে উপস্থিত ইউপি সদস্য ও এলাকাবাসীর সামনে নিজের ওপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন ওই নববধূ।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের বক্তব্য:
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করি এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে নির্যাতনের স্পষ্ট আলামত পাওয়া গেছে। ঘটনায় জড়িত অভিযুক্ত প্রান্ত শেখকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে এবং এই বিষয়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।”





















