নিজ তহবিল থেকে দ্বিগুণ অর্থ: আটকে থাকা স্কুলের জমি বিরোধ মেটালেন এমপি বাবুল
- আপডেট সময় : ০২:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 128
আইনি জটিলতা আর জমিসংক্রান্ত বিরোধের কারণে বছরের পর বছর থমকে ছিল একটি ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের নির্মাণকাজ। শত শত শিশুর ভবিষ্যতের সামনে দাঁড়িয়েছিল আদালতের লাল ফিতার ফাস। অবশেষে সেই অচলাবস্থার মেঘ কাটালেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজের ব্যক্তিগত তহবিল থেকেই জমির মালিকদের বাজারদরের দ্বিগুণ অর্থ পরিশোধ করে তুলে দিলেন জট!
ফরিদপুরের সদরপুর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘চর বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’। দীর্ঘদিন ধরে মাত্র একতলা একটি জীর্ণ ভবনে মারাত্মক স্থানসংকটের মধ্যে চলছিল কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। সমস্যার স্থায়ী সমাধানে নতুন একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমিসংক্রান্ত মারাত্মক আইনি জটিলতা ও আদালতের নিষেধাজ্ঞার কারণে সেই উন্নয়নকাজ পুরোপুরি থমকে যায়।
অবশেষে এই দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এক অভূতপূর্ব ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ঢাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে জমিসংক্রান্ত দাবিদার মালিকদের ডেকে এনে তাদের কাঙ্ক্ষিত অর্থ বুঝিয়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এমপি বাবুলের ব্যতিক্রমী পদক্ষেপ
জানা গেছে, কিছুদিন আগেই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সেখানে এসে শিক্ষার্থীদের চরম ভোগান্তি ও জরাজীর্ণ পরিবেশ দেখে তিনি গভীরভাবে ব্যথিত হন। এর পরপরই তিনি জমির মূল মালিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন।
শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ এবং এলাকার শিক্ষার মানোন্নয়নের কথা চিন্তা করে তিনি কোনো প্রকার সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় না গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে জমিটির বর্তমান বাজারমূল্যের প্রায় দ্বিগুণ অর্থ মালিক পক্ষকে পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং সেই অনুযায়ী মঙ্গলবার ঢাকায় তাদের অর্থ বুঝিয়ে দেন।
একই সঙ্গে জমিটি দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের নামে দলিল করে দেওয়া এবং আদালতে চলমান মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য জমির মালিকদের প্রতি বিনম্র অনুরোধ জানান তিনি।
এলাকায় স্বস্তির বাতাস ও কৃতজ্ঞতার ঢল
এমপি বাবুলের এই অভূতপূর্ব ও বিরল উদ্যোগের পর চর বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের পথ শেষ পর্যন্ত পুরোপুরি সুগম হলো। মামলার জট কেটে যাওয়ায় দ্রুতই এবার থমকে থাকা পাঁচতলা ভবনের নির্মাণকাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে।
সংসদ সদস্যের এই প্রশাসনিক ও মানবিক তৎপরতায় উচ্ছ্বসিত বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গোটা চর বিষ্ণুপুর এলাকার সর্বস্তরের মানুষ। তারা এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।















