ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসিরকে,পাঠানো হলো জেলহাজতে
- আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 557
ফরিদপুর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরকে ঢাকার পল্লবী থেকে গণধোলাইয়ের পর গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পাশাপাশি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
গ্রেফতার ও মামলার কারণ
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে, গত বছর ৩ ও ৪ আগস্ট ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে ছাত্র আন্দোলনের মিছিলে নাছিরের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোলাম নাছিরের বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকায় ছাত্র হত্যা ও হামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। ফরিদপুরের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়েছে।
অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক ভোল পাল্টানোর চেষ্টা
এছাড়াও, মোটর ওয়ার্কার্স ইউনিয়নের জমির ক্ষতিপূরণের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তার এবং তৎকালীন সাধারণ সম্পাদক জুবায়ের জাকিরের বিরুদ্ধে গত নভেম্বরে মামলা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম নাছির রাজনৈতিক ভোল পাল্টানোর চেষ্টা করেন। গত ১৬ জানুয়ারি তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক কেন্দ্রীয় কমিটির সভায় যোগ দেন, যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
রাজনৈতিক পরিচয় ও উত্থান
এক সময় জাতীয় পার্টির ক্যাডার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা গোলাম নাছির পরবর্তীতে কুলি শ্রমিক ও বাস শ্রমিক ইউনিয়নের নেতা হয়ে ওঠেন। বিপুল পরিমাণ ক্যাডার বাহিনী ও অস্ত্রের ভান্ডার গড়ে তুলে তিনি একপর্যায়ে ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি পদ লাভ করেন।





















