ফরিদপুরে রিমান্ডে শ্রমিক লীগ সভাপতি
- আপডেট সময় : ১১:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 816
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ফরিদপুর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরকে (৫২) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারক আসিফ এলাহী রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেপ্তার ও রিমান্ড আবেদন
গত ৮ আগস্ট ঢাকার পল্লবী থেকে জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর শনিবার ভোররাতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। কোতোয়ালি থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাসার নাসির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হামলার বিস্তারিত
গত ৩ ও ৪ আগস্ট ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর সশস্ত্র বাহিনী নিয়ে হামলা করেন গোলাম নাসির। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। তবে আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে একপর্যায়ে তিনি ও তার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হন।
রিমান্ড মঞ্জুর হওয়ার পর বিকেলে ফরিদপুর জেনারেল হাসপাতালে গোলাম নাসিরের মেডিকেল পরীক্ষা করানো হয় এবং এরপর তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।





















