ফরিদপুরে চুরি হওয়া মন্দিরের মূল্যবান মূর্তি উদ্ধার: গ্রেফতার ১
- আপডেট সময় : ০৯:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 695
ফরিদপুরের মধুখালীতে একটি পারিবারিক শিব মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চুরি হওয়া মূল্যবান পিতলের গোপাল মূর্তি ও মন্দিরের অন্যান্য সামগ্রী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল মৃধা (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোহেল মধুখালী উপজেলার রায়জাদাপুর গ্রামের শুকুর মৃধার ছেলে।
চুরির প্রেক্ষাপট:
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ জানুয়ারি রাতে উপজেলার আড়কান্দী গ্রামের সুশান্ত সরকারের বাড়ির শিব মন্দিরের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। তারা মন্দির থেকে ৬ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পিতলের গোপাল মূর্তি, কাসার থালা-বাসন, পিতলের কলস, প্রদীপ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ভোরে মন্দিরের দরজা খোলা দেখে চুরির বিষয়টি জানাজানি হয়।
পুলিশের সাফল্য:
চুরির অভিযোগ পাওয়ার পরপরই মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সোহেল মৃধাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় খোয়া যাওয়া সেই গোপাল মূর্তিসহ মন্দিরের সব মালামাল।

















