ম্যাট্রিমনি অ্যাপে প্রেম, অতঃপর নারী পুলিশ সার্জেন্টকে ধর্ষণ
- আপডেট সময় : ০৯:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 651
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে এক নারী পুলিশ কর্মকর্তার (সার্জেন্ট) করা মামলায় ভূমি ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ খানকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
মামলার পটভূমি ও পরিচয়:
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে ওই নারী সার্জেন্টের সঙ্গে ব্যবসায়ী জাহিদের পরিচয় হয়। পরিচয় থেকে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা শুরু হয় এবং নিয়মিত দেখা-সাক্ষাৎ চলতে থাকে।
ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ:
ভুক্তভোগী নারী সার্জেন্টের অভিযোগ, জাহিদ বিয়ের প্রলোভন দেখিয়ে লালবাগে তার বাসায় যাতায়াত করতেন এবং একাধিকবার তাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, ব্যবসার কথা বলে বিভিন্ন সময়ে ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ১৫ লাখ ৬৯ হাজার টাকা হাতিয়ে নেন এবং পরবর্তীতে তা আত্মসাৎ করেন।
আদালতের কার্যক্রম:
এই ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলা দায়ের করেন ওই নারী সার্জেন্ট। গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য জাহিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার আদালতের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে আসামিকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





















