গাঁজা সেবন ও বহনের দায়ে যুবদল নেতার কারাদণ্ড
- আপডেট সময় : ১০:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 348
গাঁজা সেবন ও বহনের অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবদল নেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই যুবদল নেতা হলেন রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন (২৯)।
গ্রেফতার ও রায়
রোববার রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা বাজার এলাকা থেকে স্থানীয়রা মাদকসেবী ও ব্যবসায়ী রাসেল হোসেনকে প্রায় ১০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি স্থানীয়দের কাছ থেকে তথ্য যাচাই করে রাসেলকে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।
প্রশাসনের বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, “স্থানীয়দের হাতে আটক হওয়ার পর রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থলে গিয়ে তথ্য-উপাত্ত যাচাই করে তাকে এক মাসের কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, “ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।”





















