দুই যুবদল নেতা গুলিবিদ্ধ: আশঙ্কাজনক অবস্থা
- আপডেট সময় : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 384
কক্সবাজার শহরের উত্তরণ এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবদল নেতা মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই হামলার শিকার হন তারা।
আহত দুই যুবদল নেতা হলেন সাইফুল ইসলাম এবং ওমর ফারুক। তারা দুজনই বাস টার্মিনাল এলাকা থেকে মোটরসাইকেলে করে কলাতলীর দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে তারা যখন উত্তরণ এলাকায় পৌঁছান, তখন হেলমেট পরা দুজন মোটরসাইকেল আরোহী তাদের পথরোধ করে। খুব কাছ থেকে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিতে আহত হয়ে সাইফুল ও ফারুক দুজনই রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থা আশঙ্কাজনক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে, এই হামলার ঘটনার পর উত্তরণ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ক্যাডার গ্রুপের সদস্যরা এই হামলায় জড়িত থাকতে পারে। তবে কেউ কেউ রাজনৈতিক শত্রুতা, আবার কেউ পূর্ব-শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলেও ধারণা করছেন।
হামলার ঘটনার পর পরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





















