বোমা তৈরির সরঞ্জামসহ ফরিদপুরে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৩:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 642
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ট্যাবলেট, ককটেল এবং বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার মমিন মার্কেট এলাকা সংলগ্ন তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনা স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান পরিচালনা করে তাঁকে হাতেনাতে গ্রেফতার করে।
অভিযানকালে শামীম বিন ইসমাইলের হেফাজত থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ককটেল এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত মাদক ও বিস্ফোরক সরঞ্জামের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”





















