লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- আপডেট সময় : ১১:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 212
রাজধানীর লালবাগ চৌরাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিয়াদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মো. ফাহিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগ চৌরাস্তা এলাকায় রিয়াদকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি। তার পিঠে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত যুবকের পরিচয় ও পারিবারিক তথ্য
নিহত রিয়াদের মা নাসিমা বেগম জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে হলেও তারা বর্তমানে লালবাগ শহীদনগর ৮ গলিতে বসবাস করেন। রিয়াদ আগে চকবাজারের একটি জুতার কারখানায় কাজ করলেও বর্তমানে বেকার ছিলেন। তিন ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন সবার ছোট। তার বাবার নাম আব্দুস সালাম।
তিনি আরও জানান, রিয়াদ তিন বছর আগে সুমাইয়া আক্তারকে বিয়ে করেছিলেন। তবে স্ত্রী সুমাইয়া আক্তার গত কিছুদিন ধরে তাদের এক সন্তানকে নিয়ে ইসলামবাগে বাবার বাড়িতে থাকছেন।
নাসিমা বেগম বলেন, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন রিয়াদ। কিছুক্ষণ পরই মোবাইল ফোনে তিনি তার ছেলের ছুরিকাঘাত হওয়ার খবর পান। দ্রুত হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত যুবকের পিঠে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে লালবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।



















