মধুখালীতে অবাধে চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি, ঝুঁকিতে জনজীবন
- আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 330
সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে ও অরক্ষিতভাবে বিক্রি হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার। পর্যাপ্ত নজরদারির অভাবে মুদি এবং হার্ডওয়্যার দোকানের মতো ঝুঁকিপূর্ণ স্থানেও এই ব্যবসা চলছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ঝুঁকিপূর্ণভাবে চলছে ব্যবসা
উপজেলার মধুখালী, জাহাপুর, রায়পুর, নওপাড়া, বাগাট, গোপালদি, ডুমাইন, কামারখালীসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে। অনুমোদিত ডচরা ছাড়াও সাধারণ ব্যবসায়ীরা রাস্তার পাশে ও দোকানের সামনে নিয়ম না মেনে সিলিন্ডার স্তূপ করে রাখছেন। একটির ওপর আরেকটি সিলিন্ডার রাখা হলেও মানা হচ্ছে না সংরক্ষণের কোনো নিরাপত্তা বিধি।
নিয়মানুযায়ী, খুচরা বিক্রেতারা সর্বোচ্চ ১০টি সিলিন্ডার মজুত রাখতে পারেন এবং এজন্য বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু মধুখালীর অধিকাংশ বিক্রেতারই এসব লাইসেন্স নেই। তাদের অনেকের কাছে কেবল ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স রয়েছে, আবার কারও তা-ও নেই।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি খুবই ঝুঁকিপূর্ণ। তবে এখনো কেউ কোনো অভিযোগ জানায়নি। তিনি বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তা বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি আরও জানান, তারা বাজারের দোকানদারদের সতর্ক করেছেন, তবে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেই এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব।















