ছাত্রীকে ধর্ষণের পর ‘টাইম পাস’ বললেন শিক্ষক
- আপডেট সময় : ১০:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 603
রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ানোর নাম করে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব মিয়া নামে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষণের এই জঘন্য ঘটনাকে ওই শিক্ষক ‘টাইম পাস’ বলে দাবি করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে বিক্ষুব্ধ জনতা কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
ঘটনার বিবরণ ও ছাত্রীর অভিযোগ:
মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নের বৈরাতিহাট এলাকায় ‘চ্যালেঞ্জ কোচিং সেন্টার’ পরিচালনা করেন ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামের রাকিব মিয়া। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, গত কয়েকদিন ধরে প্রাইভেট পড়ানোর সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে একা আটকে রেখে ধর্ষণ করতেন রাকিব। বিষয়টি কাউকে জানালে বিয়ের আশ্বাস দিয়ে তাকে চুপ থাকতে চাপ দেওয়া হতো। একপর্যায়ে সহ্য করতে না পেরে ওই ছাত্রী তার পরিবারকে সবকিছু খুলে বলে।
‘টাইম পাস’ দাবিতে জনরোষ:
বুধবার রাতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপসের একটি ঘরোয়া বৈঠক বসে। সেখানে অভিযুক্ত শিক্ষক রাকিব ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলেও ঔদ্ধত্যের সঙ্গে দাবি করেন, এটি ছিল স্রেফ ‘টাইম পাস’। তার এমন কুরুচিপূর্ণ মন্তব্যে গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টারটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাকিবকে আটক করে।
পুলিশি পদক্ষেপ:
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। একই শিক্ষকের বিরুদ্ধে আরও কয়েকজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে।





















