সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত
- আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 1378
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাওন মির্জা (২৫) নামের ফরিদপুরের ভাঙ্গার এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাওন মির্জা ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের মৃত জাহিদ মির্জার ছেলে। তার বাবা ছিলেন একজন সাবেক পুলিশ সদস্য।
পারিবারিক সূত্র ও দুর্ঘটনা:
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় শাওন মির্জা সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। এ বছর পবিত্র ঈদুল আজহায় তার দেশে ফেরার কথা ছিল। শাওনের বাবার মৃত্যুর পর পরিবারের তিন বোন ও মায়ের সমস্ত দায়িত্ব বর্তেছিল তার কাঁধে।
গতকাল মঙ্গলবার সকালে শাওন নিজে মোটরসাইকেল চালিয়ে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন। কর্মস্থলে খাবার দিয়ে ফেরার পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুর গাছে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিতকরণ:
শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার জহুরুল হক মিঠু। শাওনের অকালমৃত্যুতে তার নিজ গ্রাম নওপাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















