‘আপু’ ডাকায় ক্ষিপ্ত, হাসপাতালে রোগী-অভিভাবককে বের করে দিলেন ডাক্তার
- আপডেট সময় : ০৮:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 344
শেরপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত একজন মেডিকেল অফিসারকে ‘আপু’ সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে এক রোগী ও তার অভিভাবককে কক্ষ থেকে বের করে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
যেভাবে ঘটনার সূত্রপাত
শহরের নয়নী বাজার মহল্লার বাসিন্দা কাজী মাসুম জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রথম ডিউটিতে থাকা ডাক্তার কিছু ওষুধ লিখে দেন। সেই ওষুধটি না পেয়ে প্রায় আধা ঘণ্টা পর আবারও জরুরি বিভাগে ফিরে এলে দেখেন আগের ডাক্তারের বদলে নতুন ডাক্তার মারজিয়া খাতুন এসেছেন।
এ সময় কাজী মাসুম বিনয়ের সঙ্গে ডাক্তার মারজিয়াকে ‘আপু’ সম্বোধন করে বলেন, আগের ডাক্তার যে ওষুধটি দিয়েছিলেন তা পাওয়া যাচ্ছে না। অন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা। ‘আপু’ শব্দটি শোনা মাত্রই ডাক্তার মারজিয়া উত্তেজিত হয়ে বলেন, “আপু বলছেন কেন? আমি মেডিকেল অফিসার! বের হয়ে যান।” হতভম্ব কাজী মাসুম কারণ জানতে চাইলেও ডাক্তার আরও রাগান্বিত হয়ে তাকে কয়েক দফা ধমক দিয়ে তার অসুস্থ মেয়েসহ কক্ষ থেকে বের করে দেন।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
ঘটনার পর সাংবাদিকরা যোগাযোগ করলে ডাক্তার মারজিয়া তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারো সঙ্গে কথা বলবেন না বলে জানান। পরে হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফি মোবাইলে বলেন, “আমি বিষয়টি শুনেছি। হয়তো ভুলক্রমে তিনি এ কথা বলেছেন। এ বিষয়ে অফিশিয়ালি অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।”
রোগীদের ক্ষোভ ও একই অভিযোগ
এই ঘটনা প্রকাশ্যে আসার পর উপস্থিত অন্যান্য রোগী ও তাদের অভিভাবকরাও ওই ডাক্তারের বিরুদ্ধে দুর্ব্যবহারের একই অভিযোগ তোলেন। তারা বলেন, শুধু এই মারজিয়াই নয়, হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত প্রায় সব ডাক্তারের আচরণই রোগী ও তাদের অভিভাবকদের প্রতি এমন কঠোর ও অপেশাদার।





















